বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে অংশগ্রহণকারী দলগুলোর ধরে রাখা ও সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। এ ছাড়া সাতটি ফ্র্যাঞ্চাইজি যেসব খেলোয়াড়ের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ও আগের যেসব খেলোয়াড়দের ধরে রেখেছে, তাঁদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
রাজনৈতিক পট পরিবর্তনে দেশে ফেরা নিয়ে শঙ্কা জাগলেও বিপিএলের সামনের আসরে খেলার জন্য এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন সাকিব আল হাসান৷ রংপুর রাইডার্স ছেড়ে তিনি যোগ দিয়েছেন প্রায় ১০ বছর পর বিপিএলে ফেরা চিটাগং কিংসে।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিপিএলে অংশ নিচ্ছে না সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিট্যালস। আর এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা জিসান আলমকে দলে নিয়ে চমকই দিয়েছে আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।
সাকিবের পাশাপাশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ২০১৪ সালে সবশেষ বিপিএলে অংশ নেওয়া চিটাগং কিংস। মইন আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ ৬ জন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও সরাসরি চুক্তি সেরেছে তারা।
গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবালকে ধরে রেখেছে ফরচুন বরিশাল। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাদের দ্বিতীয় ধরে রাখা ক্রিকেটার। আর কুমিল্লার হয়ে সবশেষ আসরে খেলা তাওহীদ হৃদয়ের সঙ্গে সরাসরি চুক্তি করেছে দলটি।
বরিশালের শিরোপা জয়ী দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ঠিকানা এবার খুলনা টাইগার্স। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে আফিফ হোসেন ও নাসুম আহমেদকে ধরে রাখা দলটি।
ভারত সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মাহমুদউল্লাহকে ছেড়ে দিয়েছে বরিশাল। কোনো দলের সঙ্গে সরাসরি চুক্তিও হয়নি ৩৮ বছর বয়সী ক্রিকেটারের। ড্রাফটের ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিনি।
প্লেয়ার্স ড্রাফটে ১৯৮ জন দেশি ক্রিকেটারকে মোট ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ৬০ লাখ টাকার 'এ' ক্যাটাগরিতে ছিলেন ১২ জন ক্রিকেটার। এদের মধ্যে ৭ জনকে সরাসরি চুক্তি বা ধরে রেখেছে দলগুলো।
বাকি পাঁচ জন- মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম উঠবে ড্রাফটে।
এর বাইরে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম আছে প্লেয়ার্স ড্রাফটে।
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে এবারের বিপিএল।
ড্রাফটের আগে ৭ দল
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান (৬০ লাখ টাকা), তানজিদ হাসান (৪০ লাখ)
চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান (৬০ লাখ), শরীফুল ইসলাম
সরাসরি চুক্তি (বিদেশি): মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্ডো।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি
তাওহিদ হৃদয় (৬০ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
তামিম ইকবাল (৬০ লাখ), মুশফিকুর রহিম (৬০ লাখ)
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি
জাকের আলী (৪০ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
তানজিম হাসান (৪০ লাখ), জাকির হাসান (২৫ লাখ)
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি
মেহেদী হাসান মিরাজ (৬০ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
আফিফ হোসেন (৪০ লাখ), নাসুম আহমেদ (২৫ লাখ)
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি
মোহাম্মদ সাইফউদ্দিন (২৫ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
নুরুল হাসান (৪০ লাখ), শেখ মেহেদী হাসান (৪০ লাখ)
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি
এনামুল হক (৪০ লাখ)
