‘শাস্তি’ হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম

তাইওয়ানের চারপাশে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়াকে ‘শাস্তি’ হিসাবে বর্ণনা করেছে চীন। যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দিয়ে বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনা সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, গত বৃহস্পতিবার তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিন প্রেসিডেন্ট লাই চিং-তের একটি বক্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করে। এর দিন কয়েকের মাথায় তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করল চীন। লাই চিং-তে তার বক্তব্যে তাইওয়ানের ‘অধিভুক্তি’ প্রতিরোধের অঙ্গীকার করেন। 

তিনি জোর দিয়ে বলেন, বেইজিং ও তাইপে কেউ কারও অধীন নয়। তাইওয়ানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পর চীন হুঁশিয়ারি দেয়। বেইজিং বলে, লাই চিং-তের এই ‘উসকানি’ তাইওয়ানের জনগণের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে। 

চীনের দাবি, তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী কাজ করায় তাদের সতর্ক করতেই এই মহড়া। তবে তাইওয়ানের দাবি, এমন সামরিক মহড়ার মাধ্যমে চীন দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে। চীনের সামরিক মহড়ার কারণে তাইওয়ানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত