সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দীর্ঘ ৯ বছর পর এই প্রথম ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাকিস্তানে পৌঁছাবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ওই দিন রাতে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মনে করা হচ্ছে, জয়শঙ্কর সেই নৈশভোজে যোগ দেবেন। তবে ইসলামাবাদে গেলেও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়ে জয়শঙ্কর আলোচনা করবেন না।
তবে আলোচনা না হলেও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কিংবা পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে সম্মেলন শুরুর আগে অথবা সম্মেলনের অবসরে কুশল বিনিময়ের সম্ভাবনা রয়েছে। যদিও এটি একটি ক্ষণস্থায়ী সফর হবে না যেমনটি আগে ভাবা হয়েছিল, তবে তিনি ২৪ ঘণ্টার বেশি সময় পাকিস্তানে অবস্থান করবেন না। তার আগেই তিনি ফিরে আসবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষবার পাকিস্তান গিয়েছিলেন সুষমা স্বরাজ। ২০১৫ সালের ডিসেম্বরে তিনি সে দেশে গিয়েছিলেন ‘হার্ট অব এশিয়া কনফারেন্সে’ যোগ দিতে। আফগানিস্তান পরিস্থিতি, সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা ছিল সেই সম্মেলনের উদ্দেশ্য। ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই সম্মেলনে ২৭টি দেশ অংশ নিয়েছিল।
‘শাস্তি’ হিসেবে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া