রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানের বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রজব প্রামাণিক (৫০)।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজারের নিকট এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রজব প্রামাণিক তার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানের সওদা করতে ভ্যান নারুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় গাড়াকোলা বাজারের নিকট পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে আহত হন রজব প্রামাণিক। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ছেলের সুন্নতে খতনার উপলক্ষ্যে তার বাড়িতে প্রায় তিন শতাধিক অতিথির দাওয়াত ছিল
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামাণিকের ফরিদপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।
