বিশ্ব ব্যাংকের প্রতিবেদন

কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ২৬ দরিদ্র দেশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পিএম

বিশ্বের ২৬টি দরিদ্রতম দেশ ২০০৬ সালের পর থেকে যেকোনো সময়ের চেয়ে ঋণের গভীরে আটকা পড়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বিপর্যয়ের জন্য এসব দেশ ক্রমবর্ধমানভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

রবিবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে৷ সেখানে বলা হয়েছে, এই দেশগুলোতে বিশ্বের ৪০% দরিদ্র মানুষ বসবাস করে। সশস্ত্র সংঘাত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দেশগুলোতে ঝুঁকি বাড়ছে।

অস্থিতিশীলতার কারণে বেশিরভাগ দেশে বিদেশি বিনিয়োগ নেই। আর প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে ২% করে জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির আগে এই দেশগুলো যে অবস্থায় ছিল, তার চেয়েও এখন আরও দরিদ্র হয়ে পড়েছে। অথচ বাকি বিশ্বের অর্থনীতি অনেকটাই পুনরুদ্ধার হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এই দেশগুলোকে সাহায্য করতে এক হাজার কোটি ডলারের বেশি সংগ্রহ করার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশিরভাগ সাব-সাহারান আফ্রিকায় অবস্থিত, তবে তালিকায় আফগানিস্তান ও ইয়েমেনও রয়েছে। বিশ্বব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর সংগ্রহ বাড়ানো ও সরকারি ব্যয় দক্ষতার উন্নতির পরামর্শ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত