অপরাধ আ.লীগ নেতার শ্যালক, তাই প্রবাসীকে কুপিয়ে জখম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফয়সাল (৩৫) নামে প্রবাস ফেরত এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত ফয়সাল উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের শ্যালক। ভগ্নীপতি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অপরাধে তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

ভুক্তভোগী ফয়সাল বলেন, এশার নামাজের পর আনারপুরা স্ট্যান্ডে আমার বন্ধুর দোকানে বসে ছিলাম। এ সময় রাজিব এসে জানতে চায়— আমি এখানে কেন এসেছি। আমি কথা বলতে বলতে হঠাৎ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি উল্লাহ শিকদারের ছেলে শাওন ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় রাজিব ও রনক আমাকে লোহার রড দিয়ে পেটায়। এক পর্যায়ে আমি অচেতন হয়ে যাই।

ফয়সালের ভাই ওবায়েদুল্লাহ বলেন, আমরা খবর পেয়ে ছুটে এসে ছোট ভাইকে উদ্ধার করি। বর্তমানে সে হামদর্দ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে, এখনো কেউ অভিযোগ দেয় নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত