বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপু‌রের বাণীগ্রা‌মে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বাঁশখালী পিএবি সড়কের সাধনপু‌রের বাণীগ্রাম বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নিহত মো. ওয়াসিফ রায়হান (১৭)। সে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক এলাকার নুরুল ইসলামের ছেলে। সে কেরুনতলী পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২৪ ব্যাচের ছাত্র। অপর নিহত হলেন, মহেশখালী উপজেলার ৩ কালারমার ছড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার ৩ বছর বয়সী কন্যা সন্তান রশ্মি বড়ুয়া।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা চট্টগ্রাম শহর থেকে চকরিয়া ও মহেশখালীর উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওয়াসিফ রায়হান মারা যান। স্থানীয় সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রশ্মি বড়ুয়া মারা যান।

এ বিষয়ে পুকুরিয়াস্থ সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিউল হাসান জানান, আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে আনা হলে শিশু রশ্মি বড়ুয়া মারা যান। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক প্রেরণ করা হয়েছে। এতে দুইজনের অবস্থা আশংকাজনক। 

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত