সেই অ্যাশওয়েল প্রিন্সকে নিয়েই বাংলাদেশে প্রোটিয়ারা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স বেশ কয়েক মাস বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন। ২০২২ সালে হুট করে জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে আনায় তিনি পদত্যাগ করেন। সেই প্রিন্সকে নিয়েই এবার বাংলাদেশ সফরে এসেছে প্রোটিয়া দল। তিনি এইডেন মার্করামদের ব্যাটিং গুরু হিসেবে কাজ করছেন।

প্রোটিয়াদের হয়ে ৬৬ টেস্ট খেলা সাবেক বাঁহাতি ব্যাটার প্রিন্স ৪১.৬৪ গড়ে ৩৬৬৫ রান করেছেন। আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করে এর আগে তিনি কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে। ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে তাকে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়। তার কাজে সন্তুষ্ট হয়ে পরবর্তীতে অগাস্ট মাসে বিসিবি তাকে পূর্ণ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়।

কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ফিরিয়ে আনা হয় ব্যাটিং পরামর্শক হিসেবে। সাথে সাথেই পদত্যাগ করেন প্রিন্স। এবার তাকে নিয়েই বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং শেখানোর পাশাপাশি বাংলাদেশের কন্ডিশন সম্পর্কেও তিনি দলকে ভালো ধারণা দিতে পারছেন। প্রোটিয়াদের জন্য বাংলাদেশের স্পিন-সহায়ক স্লো পিচে পারফর্ম করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হবে।

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর। এই সিরিজ জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এগিয়ে যাওয়া বাংলাদেশ ভারতের কাছে হোয়াইটওয়াশড হয়ে ৭ নম্বরে নেমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত