খিলগাঁওয়ে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৪১ এএম

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে শাহিদা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও তিলপাপাড়া ৬ নম্বর রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম জানান, শাহিদা খিলগাঁও তিলপাপাড়ায় গৃহকর্তা নুরুল হায়দারের বাসায় ৩ বছর যাবৎ গৃহকর্মীর কাজ করতো। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলায়। বাবার নাম মো. শহিদ।

তিনি আরও জানান, গৃহকর্তা নুরুল হায়দার একটি ফিন্যান্সিয়াল কোম্পানিতে চাকরি করেন। বুধবার সন্ধ্যার দিকে অফিস থেকে বাসায় ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে শাহিদাকে ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পান।

পরে খিলগাঁও থানায় ফোন দিয়ে জানালে সেখানে গিয়ে শাহিদার মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। কী কারণে সে গলায় ফাঁসি দিয়ে থাকতে পারে তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত