নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট শক্তিশালী, তবে এই সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বৃহস্পতিবার কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।
এছাড়া নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে পথে পথে চাঁদাবাজিকেও দায়ী করেন এই উপদেষ্টা। তিনি বলেন, এই চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে।
ন্যায্য দামে পণ্য বিক্রি করার জন্য আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ জানান, এ ধরনের উদ্যোগে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে লোনের ব্যবস্থাও করা হবে। এছাড়া মানুষকে স্বস্তি দিতে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।
সেপ্টেম্বরে সড়কে প্রাণ হারিয়েছে ৪৯৮ জন: যাত্রী কল্যাণ সমিতি