পারকি সৈকত উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে: ডিসি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব করার জন্য ঢেলে সাজানোর মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকত পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

ডিসি ফরিদা খানম বলেন, পর্যটকদের আরও আকর্ষণীয় করতে সৈকত এলাকার পাশাপাশি টুরিস্ট স্পট বাড়ানো, মানসম্মত খাবার আর হোটেল সেবা নিশ্চিতসহ যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হবে। সমন্বিত উদ্যোগে এসব বাস্তবায়ন হলে পারকি সৈকত হবে পর্যটক বান্ধব একটি পর্যটন কেন্দ্র।

তিনি জানান, সৈকতে নতুন করে বনায়ন, রাতের বেলায় আলোকায়ন ও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের যাতায়াত সুবিধার জন্য সৈকতের প্রধান সড়কটি দ্রুত সংস্কার করা হবে। সৈকতে এলোমেলোভাবে বসানো ভাসমান দোকানগুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে কাজ করা হবে। এতে পারকি সৈকত পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত