কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব, স্বামীর হাতুড়ি পেটায় স্ত্রী খুন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম

কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্বামীর হাতুড়ি পেটায় খুন হয়েছেন নাজমা বেগম (৫০) নামের এক নারী। আজ শুক্রবার দুপুর ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাজমা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী আনোয়ার হোসেন আনু (৬০)।

স্থানীয়রা জানিয়েছেন, ৩ মাস আগে নাজমা ও আনোয়ার দম্পতি দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। এরমধ্যে আনোয়ারকে বেশ কয়েকটি এনজিও থেকে টাকা উত্তোলন করে দিয়েছেন নাজমা বেগম। এনজিও কর্মীরা কিস্তি নিতে গেলে তা দিতে টালবাহানা শুরু করেন স্বামী। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়শই ঝগড়া বাঁধত। গত ১৬ অক্টোবর কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হলে স্ত্রীকে মারধর করেন আনোয়ার। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নাজমা।

তারা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে কিস্তির টাকা নিয়ে ঝগড়া বাঁধলে বাড়ি থেকে ডেকে নিয়ে কামারখাড়া কবরস্থানের সামনে নাজমাকে হাতুড়ি পেটা করেন স্বামী। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এরপর তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত নাজমা বেগমের ছেলে ইব্রাহিম অভিযোগ করে বলেন, কিস্তির টাকা নিয়ে তার মায়ের সঙ্গে সৎ বাবার দ্বন্দ্ব চলছিল। তার বাবা নেশা করে ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাই এনজিওর কাছ থেকে নেওয়া কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম বলেন, মারধর করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত