জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব।
আজ শনিবার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ উপজেলা শাখা আয়োজিত বন্যাদুর্গত ৩৫০ পরিবারে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনৈতিক দর্শন। মূলত প্রত্যেক নাগরিকের দুর্দশা লাঘবসহ সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু রাষ্ট্রের শূন্যতা ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তবুও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে বিপন্ন মানুষের কল্যাণে সাথে থাকার সাধ্যমত চেষ্টা করছি।
তিনি বলেন, দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে রাষ্ট্রীয়ভাবেই মানুষের সকল সমস্যার সমাধান করা হতো। লাইনে দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাততে হতো না। তাই গণমানুষের সকল সমস্যার সমাধান ও অধিকার নিশ্চিত করার জন্য দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনও বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাধী রাজনৈতিক সংগঠন। আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যেখানে মানুষে মানুষে কোনও ভেদাভেদ থাকবে না। সে সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব, জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে লাঞ্ছিত বা অপমানিত করা হবে না। সর্বোপরি ইসলাম মানুষের যেসব মৌলিক অধিকার দিয়েছে সেগুলোও যথাযথভাবে নিশ্চিত করা হবে। ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষ সকলেই তাদের অধিকারের নিশ্চয়তা পাবেন। তিনি একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান।
থানা আমির মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়েবে আমির নূর মোহাম্মদ রাসেল, সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন, মান্দারী ইউনিয়ন আমির আব্দুল খালেক, সেক্রেটারি মাহফুজুর রহমান, ইউপি সদস্য কাউসার হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গড়িমসি না করে দ্রুত নির্বাচন দিন: রিজভী
ক্রেতারা বাংলাদেশের পোশাক শিল্পের ওপর আস্থা রেখেছে: বিজিএমইএ