রুশ বিস্ফোরক কারখানায় কিয়েভের হামলা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:৩০ এএম

রাশিয়ার ভূখণ্ডের গভীরে সামরিক বিস্ফোরক প্রস্তুতকারক কারখানা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল রবিবার চালানো এসব ড্রোন হামলায় জেরজিনস্ক শহরের একটি শিল্পাঞ্চলে চার দমকলকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। এক প্রতিবেদনে রুশ কর্র্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কিয়েভের পাঠানো ড্রোনগুলোর মধ্যে ১১০টিই গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। এসব ড্রোনের মধ্যে মস্কো অঞ্চলে একটি, সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ৪৩টি এবং দক্ষিণ-পশ্চিম লিপেটস্ক অঞ্চলে ২৭টি ড্রোন গুলি করা হয়। মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে নিজনি নোভগোরদ অঞ্চলের জেরজিনস্ক শহরে অবস্থিত ইয়াম ভেরদোলভের একটি বিস্ফোরক কারখানাকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছিল। বিস্ফোরক কারখানাটি রাষ্ট্রীয় মালিকানাধীন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যে যুদ্ধ শুরু করেছিল তাতে রুশ বাহিনী যে বিস্ফোরক পদার্থ ব্যবহার করত, তা এই কারখানার তৈরি। এই বিস্ফোরক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এসব ড্রোন হামলা সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এক চুক্তি অনুযায়ী শুক্রবার রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ ৯৫ জন করে যুদ্ধবন্দিকে দেশে ফিরিয়ে এনেছে। টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশে রাশিয়ার ফিরে আসা সেনা সদস্যদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে বেলারুশ রাশিয়ার মিত্র হিসেবে ভূমিকা রাখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারের মধ্যে কিছু মানুষ একটি বাস থেকে নামছে ও প্রিয়জনদের আলিঙ্গন করছে, তাদের কারও কারও শরীরে ইউক্রেনের পতাকা জড়ানো। রুশ সামরিক বাহিনীর একটি ভিডিওতে হাস্যোজ্জ্বল সেনাদের বাসে উঠতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত