এক গানেই কোটি হৃদয়ে

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০১:৩৪ এএম

প্রায় দেড়যুগ নিজেকে আড়ালে রেখেছিলেন ‘কী ছিলে আমার’ খ্যাত গায়ক মনি কিশোর। মৃত্যুতে ভাঙল সেই আড়াল। আবারও হলেন খবরের শিরোনাম। শনিবার দিবাগত রাতে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। যদিও ৬৬ বছর বয়সী গায়কের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

মনি কিশোরের প্রকৃত নাম অরুণ কুমার মণ্ডল। ডাকনাম মনি। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের ভক্ত ছিলেন। একপর্যায়ে প্রিয় গায়কের নামের অংশ নিজের সঙ্গে জুড়ে দেন।

এই নামের পেছনের একটি ঘটনা শেয়ার করেছিলেন মনি। জানিয়েছিলেন, গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার একদিন তাকে টিভিতে নিয়ে যান। সেখানে ফিরোজ মাহমুদ বলেন, তার নামের একাংশ কমার্শিয়াল নয়। সে সময় কিশোর কুমারের গান করতেন মনি। বিষয়টি উল্লেখ করে ফিরোজ মাহমুদ বলেন, ‘কিশোর কুমার তো মারা গেছেন। তুই তার নামের অর্ধেকটা নিয়ে নে।’ এরপর থেকেই তিনি মনি কিশোর।

জীবিত থাকা অবস্থায় তিনি বলেছিলেন, ‘কুমার শানু নিয়েছেন ওস্তাদের নামের একাংশ। আমি নিয়েছি তার নামের আরেক অংশ।’

১৯৫৮ সালে নড়াইল জেলার লক্ষ্মীপুরে মামাবাড়িতে জন্ম নেন মনি। তার বাবা অশোক কুমার মণ্ডল ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরিসূত্রে দেশের বিভিন্ন জেলায় থাকতে হয়েছে তার। ৩০টির বেশি একক অ্যালবাম করেছেন মনি। একটা সময় মনি কিশোর মানেই ছিল হৃদয় এফোঁড়-ওফোঁড় করা গান।

১৯৯১ সালে আসে তার প্রথম মিশ্র অ্যালবাম ‘চার্মিং বৌ’। বিশেষ করে ‘তুমি শুধু আমারই জন্য’ অ্যালবামটি ছিল বাংলা গানের ইন্ডাস্ট্রিতে মাইলফলক। এমনকি এতে ছিল গায়কের সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার’। বলা হয় এই গানই তাকে কিংবদন্তি করে তোলে।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায় তেমন গাননি। মূলত অডিওতেই কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি। তবে তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’। গানটি তারই সুর করা, তারই লেখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত