‘বৈষম্যহীন ফল’ দাবির মুখে পদত্যাগ বোর্ড চেয়ারম্যানের

হামলা-পাল্টা হামলায় আহত ৫

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:১৫ এএম

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবি জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ঘিরে বিক্ষোভ করেছেন এই পরীক্ষার সদ্য ঘোষিত ফলাফলে অকৃতকার্য ও খারাপ ফল করা একদল শিক্ষার্থী। গতকাল রবিবার সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ ও দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে এবং ভেতরে ঢুকে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে ঢাকা বোর্ডের প্রধান ফটকে তালা ও বোর্ডের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ধাক্কাধাক্কিতে পাঁচ শিক্ষার্থী আহত হন। চট্টগ্রামে শিক্ষার্থীদের দাবি না মানলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীরা যশোর বোর্ড ঘেরাও, বরিশাল বোর্ডের প্রধান ফটকে তালা, ময়মনসিংহে বোর্ডের সামনের সড়ক অবরোধ, কুমিল্লা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ এবং দিনাজপুর বোর্ডে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।

ঘোষিত ফলাফলে বৈষম্যের অভিযোগ করেন তারা। তাদের দাবি, মাধ্যমিক অনুযায়ী এইচএসসির ফল দেওয়া হোক। ফেল করার পেছনে ‘সাবজেক্ট ম্যাপিং’ পদ্ধতিকে দোষারোপ করেছেন শিক্ষার্থীরা।

এদিকে এসএসসির সব বিষয় ম্যাপিং করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ-অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। চেয়ারম্যান পদ থেকে আজ সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বোর্ডে অবস্থানরত শিক্ষার্থীদের কাছেও তিনি এ ঘোষণা দিয়েছেন।

ঢাকায় বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ধাক্কাধাক্কি : ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবি জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা অনুমতি ছাড়া বোর্ডের ভেতরে প্রবেশ করলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। গতকাল বেলা ১১টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি সন্ধ্যার পরও চলতে থাকে।

সন্ধ্যায় ঘটনাস্থলে থাকা ডিএমপির চকবাজার থানার ওসি রেজাউল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এইচএসসির একদল শিক্ষার্থী বোর্ডের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। তারা প্রথমে বোর্ডের ফটকে তালা লাগিয়ে দেন এবং পরে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। বোর্ডের নিরাপত্তাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষর্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।’

ওসি আরও বলেন, ‘শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শিক্ষার্থীরা প্রতিনিধিদল ঠিক করে দিলে কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসানো হবে।’

আহত শিক্ষার্থীরা হলেনÑ সরকারি শাহবাজপুর কলেজের মো. সাগর, নারায়ণগঞ্জ কলেজের শাহরিয়ার, কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের ওয়াহিদ, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের ফাহমিদা হোসেন ও গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আশুতোষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রকাশিত ফল ‘বৈষম্যমূলক’। তারা সব বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফল চান। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার দাবি তাদের।

পদত্যাগের ঘোষণার আগে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাতিল পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে ফল তৈরি করেছি। এখানে কেউ বঞ্চিত বা বৈষম্যের শিকার হওয়ার প্রশ্নই আসে না। তারপরও শিক্ষার্থীরা কী বলতে চায়, তাদের কথা শুনব। সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে আমরা অবগত করব।’

চট্টগ্রামে দাবি না মানলে সড়ক অবরোধের হুঁশিয়ারি : চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করেন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। এক দফা দাবিতে তারা এ আন্দোলন করছেন। দাবি মেনে নেওয়া না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী যা করা প্রয়োজন আমরা তাই করব।’

যশোর শিক্ষা বোর্ড ঘেরাও : ‘বৈষম্যহীন ফলাফলের’ দাবিতে যশোরে গণমিছিল ও শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সদ্য ঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন তারা। একপর্যায়ে বোর্ড সচিব অধ্যাপক আব্দুর রহিম গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে যশোর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে তাদের দাবিসহ একটি লিখিত স্মারকলিপি নেওয়া হয়েছে। এটি আন্তঃবোর্ডের কাছে পাঠানো হবে। সেখান থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

বরিশাল বোর্ডে তালা : বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ এবং বরিশাল শিক্ষা বোর্ডের সদর দরজা তালাবদ্ধ করে দেন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। গতকাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। বিষয়টি আমি মন্ত্রণালয়কে অবহিত করেছি। এ বিষয়ে একমাত্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারবে।’

ময়মনসিংহে সড়ক অবরোধ : এইচএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং শিক্ষা বোর্ড ঘেরাও করেন অকৃতকার্য শিক্ষার্থীরা। গতকাল দুপুরে নগরীর টাউন হল চত্বরে একত্রিত হয়ে ‘এইচএসসি ব্যাচ-২০২৪ ময়মনসিংহ বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন। সেখানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বোর্ডের সামনের সড়কে ইট ফেলে ও রাস্তায় বসে অবরোধ করেন। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি আমরা আন্তঃবোর্ডে পাঠিয়ে দেব। শিক্ষার্থীরা যদি পরীক্ষকদের কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তা আমরা দেখব। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা পুনর্নিরীক্ষণ করব। আমরা সর্বোচ্চ সহমর্মী হয়েই এ বিষয়ে কাজ শুরু করেছি, কিন্তু অনেক শিক্ষার্থী অটোপাস দাবি করছে, এটি আমাদের হাতে নেই।’

কুমিল্লায় বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ : ফল পরিবর্তন করে পাসের দাবিতে বিক্ষোভ করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে শিক্ষা বোর্ডের নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা তাদের ফটকে আটকে দেন। পরে শিক্ষার্থীদের কয়েকজনকে ভেতরে নিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শিক্ষা বোর্ডটির চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় অনুষ্ঠিত সাতটি বিষয়ের ফল ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।’

দিনাজপুরে স্মারকলিপি প্রদান : এইচএসসির ফল বাতিলের দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের তিন ঘণ্টা অবরুদ্ধ রাখেন তারা। পরে সেনাবাহিনীর সহযোগিতায় বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে বিকেল ৪টার সময় তালা খুলে দেন। এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ বলেন, ‘স্মারকলিপি আন্তঃবোর্ড চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে যা সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১৫ অক্টোবর চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সারা দেশে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছে চট্টগ্রাম ব্যুরো এবং সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত