চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ৫ হাজার ৪৮৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ৫৯৮ জন। নিহতদের ৩৪ দশমিক ৩৬ শতাংশ অর্থাৎ ১ হাজার ৯২৪ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৯ হাজার ৬০১ জন। সড়কে নিহতের মধ্যে শিশু ৭২৯ ও নারী ৬৭৭ জন। এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে এ-সংক্রান্ত প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মাসে দেশে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ২১ শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ১২১ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৬৮৮ জন, অর্থাৎ ১২ দশমিক ২৯ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, একই সময়ে ৮৩টি নৌ-দুর্ঘটনায় ১২৪ জন নিহত, ১২৫ জন আহত এবং ১৯ জন নিখোঁজ রয়েছে। ২৪৩টি রেলপথ দুর্ঘটনায় ২২৭ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১ হাজার ১৭২টি দুর্ঘটনায় ১ হাজার ৩৬৪ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ৩১৯টি দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছে।
