শহীদ-আহতদের পরিবারের পাশে তারেক রহমান

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:০৬ এএম

ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার অদূরে সাভার এবং আশুলিয়ায় শহীদ সাত ও আহত তিনজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল। গতকাল সোমবার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রথমে সাভারের ব্যাংক টাউনে শহীদ ইয়ামিনের বাসায় শহীদ ইয়ামিন, শহীদ নাফিসা হোসেন ও আহত ইসমে আজমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিদল। এরপর আশুলিয়ার কালার টেকের কাইচা বাড়িতে শহীদ মামুন বিপ্লবের বাসায় শহীদ মামুন, শহীদ আবদুস সাবুর, শহীদ সাজ্জাদ, শহীদ বাইজিদ এবং আহত হান্নান ও আকাশ মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারা। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, দলের কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ ইমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা হাসান, রনি, শারিফুল ইসলাম ও মশিউর রহমান মহান প্রমুখ।

রাষ্ট্রপতি পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন : ছাত্রজীবনে ছাত্রলীগ করা রাষ্ট্রপতি পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্রপতি তো শেখ হাসিনারই দেওয়া। রাষ্ট্রপতি ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন। শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতির কণ্ঠের সুর ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। উনি (রাষ্ট্রপতি) বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি। যে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য লোকের কাছে চলে যায়, সে কি ডিভোর্স লেটার দিয়ে যায়। পলাতক শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে যাননি, হতে পারে এটা। কিন্তু আমরা জানি তিনি পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের চাইতে আওয়ামী লীগের দায়িত্ব পালনে বেশি ইচ্ছুক। প্রথম দিকে ছাত্র-জনতার যে উত্তাল রূপ, সে সময় কিছু বলেননি। কিন্তু এখন ক্রমান্বয়ে শেখ হাসিনার অনুগামী হয়ে কথা বলছেন। কোনো ধরনের চক্রান্তের সঙ্গে তিনি আছেন কি না দেখতে হবে।’

ছাত্র-জনতার গণ-আন্দোলনে আশুলিয়ায় শহীদদের পরিবারকে গতকাল নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তিনি (শেখ হাসিনার) হিংস্র মানসিকতা নিয়ে রাজনীতি করছেন। পতনের পরও তার নিষ্ঠুরতা এখনো থামেনি। পরাজিত হওয়ার পরও বর্বরতা থামেনি। পালিয়ে গিয়ে এখনো ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশ দিচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা করার জন্য। স্বৈরাচারের দোসররা নানা জায়গায় আছে। ওদের হাতে আছে প্রচুর টাকা।’

তিনি বলেন, ‘রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার পুরো রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু আওয়ামী লীগ সরকার যে ছাত্র-জনতার ওপর গুলি করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। অপরাধীরা সব পালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত