৫ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৪ এএম

দেশের আরও পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। গতকাল সোমবার আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের বিষয় জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ এবং ডুয়েটে নতুন সহ-উপাচার্যও নিয়োগ দেওয়া হয়েছে।

ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এম এনামুল্লাহ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফরিদ উদ্দিন খান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। অন্যদিকে ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত