দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চালু হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন

  • মঙ্গলবার সকালে ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে পণ্য নিয়ে যাত্রা শুরু করে
  • ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত বগিও রয়েছে যাতে পচনশীল পণ্য পরিবহণ করা যাবে
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে চালু হয়েছে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। খুলনা-ঢাকা রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির যাত্রা শুরু হয়েছে।

দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষিপণ্য পরিবহন করার সুবিধা পাবেন কৃষক ও ব্যবসায়ীরা। কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি লাঘবে এই স্পেশাল ট্রেন চালু করেছে রেল বিভাগ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে পণ্য নিয়ে যাত্রা শুরু করে। এটি যশোরসহ বিভিন্ন স্টেশন হয়ে মালামাল নিয়ে ঢাকা তেজগাঁও রেলস্টেশনে পৌঁছাবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, এই ট্রেনে প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে ১ টাকা ০৮ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৪৭ পয়সা খরচ পড়বে। এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানেরও ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহণ করা যাবে। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন ১২০ টন পণ্য আনা নেওয়ার সুবিধা মিলবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পণ্যের গুনগত মান বজায় রাখতে সম্প্রতি চীন থেকে আনা আধুনিক কোচ সংযুক্ত করা হয়েছে। এই ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত বগিও রয়েছে। যা যাত্রাপথে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ ১৫টি স্টেশন থেকে পণ্য নেবে।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ‘রাজধানীর কারওয়ান বাজারে বেচাকেনার সময় বিবেচনা করে রাতে পৌঁছাবে ট্রেন। চাহিদা বাড়লে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।’

এসব রুট থেকে নিয়মিত কৃষিপণ্য ঢাকায় আনা হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং কৃষি পণ্যের দাম কমবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত