স্কুলে আনা-নেওয়ার পথে শিশুকে ধর্ষণ করতেন গাড়িচালক

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

স্কুলে আনা-নেওয়ার পথে সাড়ে তিন বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ করেছেন গাড়িচালক। ভারতের দিল্লিতে এই ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ওই আসামিকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ছিল ২০১৮ সালের। ঘটনার সময় শিশুটির বয়স ছিল সাড়ে তিন বছর। আসামি পেশায় গাড়িচালক। ওই শিশুকে স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল থেকে বাড়ি পৌঁছে দিতেন। পরিবারের বিশ্বস্তও ছিলেন। ২০১৮ সালের আগস্ট এবং অক্টোবরের মধ্যে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

পরিবারের অভিযোগের ভিত্তিতে গাড়িচালককে গ্রেপ্তার করেছিল পুলিশ। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি চলছিল। সম্প্রতি ওই মামলায় সাজা ঘোষণা করেছেন বিচারক বলবিন্দর সিংহ। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তের প্রতি সহানুভূতির কোনো জায়গা নেই। তিনি সামাজিক মূল্যবোধের তোয়াক্কাই করেননি। 

সাজা ঘোষণার সময় আদালত আরও জানিয়েছে, পরিবারের লোকেরা অভিযুক্তকে বিশ্বাস করে নিজের সন্তানের দায়িত্ব তার উপর ছেড়ে দিয়েছিলেন। তার পরেও তিনি এই অপরাধ করেছেন। শিশুটির সঙ্গে এই ধরনের অত্যাচার করার সময় তার মধ্যে কোনো দ্বিধাও কাজ করেনি।

৪৪ বছর বয়সী ওই আসামির ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে নির্যাতিতার হাতে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত