রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরানোর বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

রাষ্ট্রপতি ‘মিথ্যাচার’ বলে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে একজন উপদেষ্টা (আইন উপদেষ্টা) যে বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত না পুরো উপদেষ্টা কাউন্সিলের মতামত— এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’

এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রতিটি নাগরিকের দাবি জানানোর অধিকার আছে। দীর্ঘদিনের অপশাসনের কারণে মানুষের মনে অনেক ক্ষোভ রয়েছে। তাই যেকোন যৌক্তিক দাবি শুনতে সরকার প্রস্তুত রয়েছে এবং পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে রাস্তা বন্ধ রেখে বা জনদুর্ভোগ তৈরি করে- এমন প্রক্রিয়ায় মাধ্যমে দাবি না জানানোর জন্য তিনি অনুরোধ জানন। তিনি বলেন, নির্দিষ্ট চ্যানেলে মাধ্যমে যেকেউ সরকারের কাছে দাবি জানাতে পারে।

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্ধৃত করে একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলা হয়েছে। মঙ্গলবার বিকালে এই দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন। তারা বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত