শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ছিলেন এসব পুলিশ সদস্য। গত সোমবার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এরই মধ্যে প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় এ বিষয়ক চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে অব্যাহতির কারণ হিসেবে শৃঙ্খলা ভঙ্গের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে পুলিশের ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে ১ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ-২০২৩-এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন প্যারেড কার্যক্রম চলমান ছিল। এ সময়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী কর্তৃক পূর্বনির্ধারিত মেন্যু অনুযায়ী প্যারেডে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর প্যারেড বিরতিতে সকালের নাশতা পরিবেশন করা হয়। কিন্তু ওই সরবরাহকৃত নাশতা না খেয়ে তারা হইচই করে মাঠের মধ্যে চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের পরস্পর সংগঠিত করে একাডেমি কর্তৃপক্ষকে হেয়প্রতিপন্ন করে চরম বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। অন্যদের সঙ্গে হইচই করতে করতে নিজের খেয়ালখুশিমতো প্রশিক্ষণ মাঠ থেকে বের হয়ে নিজ ব্যারাকে চলে যান। একজন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই হিসেবে এরূপ আচরণ এবং বিনা অনুমতিতে প্যারেড মাঠ থেকে বের হয়ে নিজ ব্যারাকে চলে যাওয়া সম্পূর্ণভাবে শৃঙ্খলাপরিপন্থী।
পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রশিক্ষণরত ২৫২ জন এসআই পদমর্যাদার কর্মকর্তাকে পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হচ্ছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শৃঙ্খলা একটা বড় ধরনের সংজ্ঞা। এর পরিধি ব্যাপক। কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়ার হয়েছে, সেটা একাডেমি ভালো বলতে পারবে। আমি তাদের এ প্রক্রিয়াটা পুরোপুরি জানি না। এ সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতিমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করব।’
গত ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। এরপর থেকে বিভিন্ন মহলের অনেক ধরনের আলোচনা চলছিল। এর মধ্যে মঙ্গলবার ২৫২ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়ার খবর এলো।
