রাজধানীতে এটিএম বুথের গার্ডের ওপর হামলা, টাকা ছিনতাই

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:০৪ এএম

রাজধানীর টিকাটুলি এলাকায় একটি ব্যাংকের বুথের ভিতর নিরাপত্তা কর্মীকে শাবল দিয়ে আঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত নিরাপত্তা কর্মী আব্দুল হাকিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে টিকাটুলি দেলোয়ার কমপ্লেক্সের পাশে যমুনা ব্যাংকের এটিএম বুথে এই ঘটনা ঘটে।

আহত আব্দুল হাকিমের ছেলে আল মুমিন জানান, তাদের বাসা দক্ষিণ গোলাপবাগ। তার বাবা আগে গাড়ি চালালেও গত তিন মাস আগে যমুনা ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি নেন। গতরাতে বুথের ভিতরে বসে তসবিহ পড়ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্ত শাবল হাতে বুথের ভিতরে ঢুকে প্রথমেই তার বাবার মাথায় আঘাত করে। আঘাত ঠেকাতে গেলে তার বাবার হাতেও গুরুতর জখম হয়। এ সময় আরেক দুর্বৃত্ত বাইরে দাঁড়িয়ে ছিল। পরে তারা বুথের মেশিন ভাঙ্গার চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরা দেখার পর বুথের লাইট বন্ধ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে পাশের একটি বুথের সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পেয়ে রাতেই তার বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা তাকে জানিয়েছেন, তার বাবার মাথায় আশিটিরও বেশি সেলাই লেগেছে এবং হাতের আঙ্গুলে আরও পাঁচটি সেলাই করা হয়েছে। তবে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়সাল আহমেদ জানান, গতরাতে টিটাটুলির ওই এটিএম বুথের সামনে এক মাদকাসক্ত যুবক রড দিয়ে নিরাপত্তাকর্মীর মাথায় আঘাত করে এবং তার পকেটে থাকা কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহত ওই নিরাপত্তা কর্মী ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে সকালে থানা এসে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এটিএম বুথে লুট বা ডাকাতির কোন ঘটনা ঘটেনি।

আহতের ছেলে আলমুমিন জানান, বাজার করার জন্য তার বাবার পকেটে ৩ হাজার ১৪০ টাকা ছিলো। সেই টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত