হত্যা-নির্যাতন-ধর্ষণ-যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করেছে অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে সংগঠনের অন্তত ২০ জন নেতাকর্মী রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেন।
রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ধানমন্ডি ৩২ হয়ে শুক্রাবাদ-সোবহানবাগ মোড় ঘুরে ৩২ নম্বরে এসে শেষ হয়।
মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জনি, সহ-সভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হুসেন, উপ-শিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপ-ত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-গণশিক্ষা সম্পাদক মুস্তাকিম, উপ-সম্পাদক সেলিম রেজা ও সাবেক সহ-সম্পাদক লাভলু অংশ নেন।
