মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অমিত হাসান ছুরিকাহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসারে দুর্বৃত্তদের হামলায় ছুরিকাহত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অমিত হাসান (১৯)। এসময় আরও ৩ শিক্ষার্থী আহত হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান। 

এর আগে বুধবার রাত ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের মালির পাথর গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাহত অমিত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিত মালির পাথর গ্রামের ইব্রাহিম ভ‍ূঁইয়ার ছেলে। এ বছর মুন্সীগঞ্জ কলেজ থেকে এ্ইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে। 

আহত অন্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন হাসান আবির (২৪), বুলবুল আহমেদ রাজ (২৪) ও দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম মুনতাসির নোমান (২৪)। 

ছুরিকাহত অমিতের খালাতো ভাই মেহেদী হাসান শান্ত বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে যেসব কর্মসূচি হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে অমিত। পাশাপাশি স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছে। ঘটনার রাতে মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকটি কুকুরকে খাবার দেওয়ার জন্য যায় অমিত। সেখানে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার আর্তচিৎকারে কয়েকজন শিক্ষার্থী ছুটে গেলে হামলায় তারাও আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অমিতকে ঢাকায় পাঠায়।’  

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, রাতে খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত