সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছেন। ভারত সরকার তার থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে। প্রায় দুই মাস ধরে তিনি সেখানে আছেন। গতকাল বৃহস্পতিবার ভারতে গণমাধ্যম দ্য প্রিন্ট একটি প্রতিবেদনে এ তথ্য জানায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভারত সরকারের পক্ষ থেকে তার অবস্থান সম্পর্কে না জানালেও দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তিনি ভারতেই আছেন।
দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মর্যাদা অনুসারে তাকে থাকার জন্য বেশ বড় বাংলো দেওয়া হয়েছে। সাধারণত এ ধরনের বাংলো ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে দ্য প্রিন্ট ওই বাংলোর প্রকৃত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, নিরাপত্তার খাতিরে যথার্থ প্রটোকল সঙ্গে নিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন। শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সাদা পোশাকে ২৪ ঘণ্টা তার চারপাশে নিরাপত্তারক্ষীরা থাকেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এ পর্যায়ের নিরাপত্তা পাচ্ছেন। একজন ‘গণ্যমান্য ব্যক্তি’ হিসেবে তিনি এ পর্যায়ের সুরক্ষা পাচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে দ্য প্রিন্টকে। বলা হয়, দুই মাসেরও বেশি সময় ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। এখানে তার থাকার জন্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর একটি বিমানে হিন্ডন বিমানঘাঁটিতে নামেন শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি। তবে দুদিনের মধ্যেই তিনি বিমানঘাঁটি ত্যাগ করেন। বিমানঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।
তিনি বিমানঘাঁটিতে বেশিক্ষণ থাকতে পারতেন না। সেখানকার ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তাই মাত্র কয়েক দিনের মধ্যে তাকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তারপর দিল্লির নিরাপদ ও সুরক্ষিত অঞ্চলে একটি বাড়ির ব্যবস্থা করা হয়। এটি একটি উচ্চ সুরক্ষা অঞ্চল, যেখানে অনেক প্রাক্তন এবং কর্মরত ভারতের সংসদ সদস্যের বাড়ি রয়েছে।
শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ সরকারকে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গত আগস্টে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ওই সময় ‘কিছু সময়ের জন্য’ ভারতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে ভারতে গিয়েছিলেন তার ছোট বোন শেখ রেহানা। তিনি যুক্তরাজ্যের নাগরিক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দেশটিতে লেবার পার্টির একজন নেতা। শেখ রেহানা এখনো বোন শেখ হাসিনার সঙ্গে ভারতে আছেন কি না, তা স্পষ্ট নয়।
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ভারতের দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কার্যালয়ে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম এই পদধারী। বর্তমানে দিল্লিতে বসবাস করছেন সায়মা ওয়াজেদ।
শেখ হাসিনা বাড়ির বাইরে চলাফেরা করেন কি না, জানতে চাইলে সূত্র জানায়, ‘কোনো কিছুর প্রয়োজন হলে মূল নিরাপত্তার দায়িত্বে থাকা দলকে জানানো হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’
