পাশ হয়নি ২০২৫ সালের অর্থ বাজেট

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে শনিবার। যেখানে উত্থাপণ করা হয়েছিল ২০২৫ সালের সম্ভাব্য অর্থ বাজেট। ১‌৪ কোটি টাকার ঘাটতি বাজেট অবশ্য অনুমোদন দেয়নি সাধারণ পরিষদ। এক পাতার এই বাজেট অনেকের কাছেই অস্পষ্ট মনে হয়েছে। তাছাড়া যেহেতু বাফুফেতে নতুন নের্তৃত্ব আসছে, তাই ডেলিগেটদের দাবী ছিল এই বাজেট নতুন কমিটি নতুন করে উত্থাপন করুক কংগ্রেসে।

ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেট আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এ ব্যাপারে আপত্তি তুলে ধরলে সভায় উপস্থিত ডেলিগেটরা তাতে সমর্থন জানায়। ফলে বাজেট অনুমোদন ছাড়াই শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের সভাপতিত্বের বাফুফের শেষ কংগ্রেস।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে সর্বোচ্চ ১৩৩ জন ডেলিগেটের উপস্তিতিতে শুরু হয় কংগ্রেস। সবকিছু ঠিকভাবেই চলছিল। ২০২৫ সালের ঘাটতি বাজেট পেশের পর এ নিয়ে প্রশ্ন তোলেন ফুয়াদ। সম্ভাব্য বাজেটে ব্যায় ধরা হয়েছিল ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৪০ টাকা। বিপরীতে ব্যায় ধরা হয় ৪৭ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ ১৪ কোটি ৭ লাখ ৮১ ৪০ টাকার ঘাটতি বাজেট দেখানো হয়। যে খাতগুলো লিপিবদ্ধ করা হয়েছে বাজেটে সেগুলোর কোন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ নিয়ে ফুয়াদ প্রশ্ন তোলার পর বাকী সদস্যরা তাকে সমর্থন জানালে অনুমোদন হয়নি বাজেট। কংগ্রেস শেষে বাফুফের বিদায় কমিটির সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এজিএমে গত বছরের রিপোর্ট পেশ করেছেন সাধারণ সম্পাদক। নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই যেন সেটা পেশ করা হয়। তো সেটা আগামীতে উপস্থাপন করা হবে।’

এছাড়া এবারের কংগ্রেসের ব্যতিক্রম ছিল জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধির বক্তব্য প্রদাণ। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম গুড গভর্নেন্সের ওপর জোড় দিতে বলেন বলে জানান ইমরুল, ‘এই প্রথমবার মঞ্চে এসে এনএসসির প্রতিনিধি বক্তৃতা দিয়েছেন এবং সরকারের কিছু দিক-নির্দেশনা ডেলিগেশনের সামনে উপস্থাপন করেছেন। অন্যান্য এজিএমের চেয়ে এই এজিএমের বিশেষত্ব এটাই ছিল।’

এই কংগ্রেসের মাধ্যমে সালাউদ্দিন যুগের অবসান ঘটেছে। বিদায়ী ভাষণে বাফুফের চার মেয়াদের সভাপতি আসছে কমিটির প্রতি শুভ কামনা জানিয়েছেন। ইমরুল বলেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ী ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে- এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত