ভারতের সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুবিধা হলো যাদের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম

ঘরের মাঠে ১২ বছর ধরে যে গৌরবের দাবিদার ছিল ভারত, সেই প্রাচীর ভেঙে দিয়েছে নিউজিল্যান্ড। পুনেতে কিউইদের কাছে ১১৩ রানে হেরে গেছে। ভারতের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যাওয়ার ফলে নিউজিল্যান্ড সিরিজে ২-০ তে এগিয়ে গেল। বিশেষত, মিচেল স্যান্টনারের অসাধারণ বোলিং, যিনি ১৩ উইকেট নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে। ভারতীয় ব্যাটসম্যানরা ধরশায়ী হয়েছেন তার সামনে। তাদের ব্যর্থতাই পরাজয়ের মূল কারণ।

ভারতের মাটিতে কিউইদের এই জয়ের ঝলকে আরও গাঢ় হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের জটিল ধাঁধাঁ। ফাইনাল যেন ভারতের কাছ থেকে সোনালী মরীচিকার মতো দূরে সরে যাচ্ছে। তবে এই সিরিজ হেরে গেলেও এখনও একটি ম্যাচ বাকি। তাছাড়া পয়েন্ট তালিকায় ভারত ধরে রেখেছে শীর্ষস্থান। কিন্তু সেটা নড়বড়ে। কারণ ফাইনালে উঠতে হলে তাদের বাকি থাকা প্রতিটি ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই আর।

ভারতের বর্তমান পয়েন্ট শতাংশ ৬২.৮%, যা তাদের শীর্ষস্থানে ধরে রেখেছে। বাকি থাকা ১০ টেস্টের অন্তত ৫টি জিততেই হবে তাদের। যার মধ্যে ৫টি আবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদেরই বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপর্যয়ের কারণে তাই তাদের পয়েন্ট তালিকায় ধস নামার শঙ্কা তৈরি হয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়া রয়েছে ঠিক পরের স্থানে ৬২.৫% পয়েন্ট নিয়ে, আর শ্রীলঙ্কা ৫৫.৫৬% এবং নিউজিল্যান্ড ৫০% পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে। দক্ষিণ আফ্রিকা কিছুটা পিছিয়ে, কিন্তু তাদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না​।

ভারত যদি শেষ পর্যন্ত পিছিয়ে যায়, তবে ফাইনালের মঞ্চে কাদের সম্ভাবনা বেশি? প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়া, যারা ধারাবাহিক জয়ের ধারা ধরে রেখেছে। তাদের শক্তিশালী পেস আক্রমণ ও স্টেবল ব্যাটিং লাইনআপ তাদেরকে ফাইনালের অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে। আগামী ২২ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে তাদের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে জয়-পরাজয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

অস্ট্রেলিয়ার এখনও বাকি ৭ ম্যাচ। এর মধ্যে ৫টি ম্যাচ হবে ভারতের বিপক্ষে। বাকি ২টি ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। ফাইনালে যেতে হলে তাদের অন্তত ৪টি ম্যাচ জিততে হবে​। যদি অস্ট্রেলিয়া তাদের বাকি ৭টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ জিতে, তাদের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৭১.৪২%। ৪টি জিতলে হবে ৬৫.৭১%। সেই হিসেবে তাদেরই ফাইনালে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শ্রীলঙ্কা তাদের সামনের সিরিজগুলোতে যদি ধারাবাহিক জয় তুলে নিতে পারে তাহলে এগিয়ে থাকবে। তাদের ব্যাটিং ও স্পিনের দৃঢ়তা ঘরের মাঠে শক্তিশালী করে তুলেছে, যেখানে প্রতিপক্ষের জন্য জয় কঠিন হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কার সামনে এখন পাঁচটি টেস্ট ম্যাচ বাকি আছে। যদি তারা এই পাঁচটি ম্যাচের মধ্যে সবকটি জিতে, তাহলে তাদের পয়েন্ট পারসেন্টেজ হবে ৬৯.২৩% । যা তাদের ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তবে, কমপক্ষে চারটি ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬১.৫৮%, যা তাদের ভাগ্য ঝুলিয়ে রাখতে পারে।

ভারত দুর্গ জয় করে নিউজিল্যান্ডেরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার খেলার সম্ভাবনা জেগেছে। এই টুর্নামেন্টের অভিষেক আসরের শিরোপাজয়ী কিউইরাই। তাদের বাকি আছে ৮টি টেস্ট। তাদের বর্তমান পয়েন্ট পারসেন্টেজ ৫০%। ফাইনালে যেতে হলে তাদের কমপক্ষে পাঁচটি ম্যাচ জিততে হবে, যা তাদের পারসেন্টেজ ৬২.৫% করবে। এটি তাদের ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, তবে অন্য দলগুলোর পারফরম্যান্সও নির্ভর করবে তাদের ফাইনালে যাওয়া-না যাওয়া নিয়ে।

দক্ষিণ আফ্রিকার সামনেও বাকি পাঁচটি ম্যাচ। সেগুলোর অন্তত চারটি ম্যাচ জিততে হবে। তখন তাদের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৫৮.৩৩। তবে সবগুলো জিতলে হবে ৬১.৫৮%। সবগুলো ম্যাচ জিতলে ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত