জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের পীরগাছায় হিন্দু শাখার সদর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে এ কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।

গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ। কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ সভাপতি ও ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

এ ছাড়া কমিটির অন্যরা হলেন, সহসভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহসম্পাদক কিসামত ঝিনিয়া, সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ।

এর আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ ও ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত