রানা প্লাজা ধস

আপিল বিভাগেও স্থগিত সোহেল রানার জামিন

  • সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ
  • ২ মাসের মধ্যে হাইকোর্টকে রানার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করার নির্দেশ
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:০৬ এএম

এক দশকেরও বেশি সময় আগে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। 

আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে ২ মাসের মধ্যে হাইকোর্টকে রানার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে বলেন।

এর আগে গত ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। সেই সঙ্গে সোহেল রানাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুলও জারি করেন।

পরদিন রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রানাকে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

ওই আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন। ফলে সোহেল রানার জামিন স্থগিতই থাকবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বহুতলবিশিষ্ট রানা প্লাজা ধসে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় এক হাজার ১৩৪ জন নিহত হন। সেই সঙ্গে আরও হাজারখানেক শ্রমিক আহত হন। এখন পর্যন্ত এ মামলার বিচারকাজ চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত