যার সিনেমা একটা প্রজন্মকে প্রেমের সংজ্ঞা শিখিয়েছে সেই শাহরুখ খান দু’হাত মেলে দাঁড়ালেই অনুরাগীদের মনে ঝড় ওঠে। কত পুরুষ এই একই ভঙ্গিতে প্রেমিকাকে মনের কথা জানিয়েছেন তার ইয়ত্তা নেই। এখনও বড় পর্দায় তার ছবি এলে প্রেক্ষাগৃহ হাউজফুল হতে বেশি সময় লাগে না। আর তাকে সশরীরে দেখা গেলে স্বভাবতই উন্মাদ হয়ে ওঠেন অনুরাগীরা।
সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শাহরুখ মঞ্চে উঠতেই উপস্থিত দর্শক উন্মাদনায় মেতে ওঠে। রবিবারের এই অনুষ্ঠানের নানা মুহূর্ত এখন সমাজমাধ্যমে ভাইরাল। অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে গিয়েছিলেন আরিয়ান খান ও সুহানা খানও। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারেননি শাহরুখপত্নী গৌরী খান। তবে জামাইয়ের অনুষ্ঠান দেখতে পৌঁছে গিয়েছিলেন গৌরীর মা সবিতা চিব্বর।
মঞ্চে অভিনেত্রীদের সঙ্গে শাহরুখের নাচ দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। তবে এই অনুষ্ঠানে তার সঙ্গে নাচলেন শাশুড়ি। হাত ধরে শাশুড়িকে মঞ্চে ডেকে নিলেন। একটি গানের সঙ্গে ছন্দ মেলালেন তারা। করতালি দিয়ে মাতিয়ে তুলেন দর্শক। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয় মুহূর্তে। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল।
শাহরুখ এ দিন তার ছবির বেশ কিছু হিট গানের সঙ্গে পা মেলান। ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’-এ সেই একই ভঙ্গিতে নাচেন শাহরুখ। নেটাগরিকের দাবি, পাশে দীপিকা থাকলে ষোল কলা পূর্ণ হত এই নাচের। কখনও আবার মঞ্চের বাইরে বাবার অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় আরিয়ান ও সুহানাকে।
এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, গৌরীর পরিবার মোটেই তাকে পছন্দ করেনি প্রথম দিকে। বিয়েতে কারও মত ছিল না। কিন্তু গৌরীর মা একমাত্র শাহরুখের প্রতি আন্তরিক ছিলেন। গৌরীর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গিয়েই মেয়ের পাশে ছিলেন তিনি। ছ’ বছর সম্পর্কে থেকে ১৯৯১ সালে বিয়ে করেছিলেন শাহরুখ ও গৌরী।
অর্জুনের জীবন নষ্ট করিনি: মালাইকা