স্কুলজীবন থেকে পরিচয় সারা আলী খান ও অনন্যা পাণ্ডের। বলিউডে তাদের বন্ধুত্ব নিয়ে বেশ আলোচনা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুল জীবনের গল্প বললেন অভিনেত্রী। বন্ধুত্ব থাকলেও অনন্যা নাকি সারাকে যমের মতো ভয় পেতেন। সারার নাম শুনলেই ত্রস্ত হয়ে থাকতেন তিনি।
অনন্যার থেকে তিন বছরের বড় সারা। ছোট থেকেই বেশ ডাকাবুকো স্বভাবের ছিলেন অভিনেত্রী। মুখের উপর কথা বলতেন। অনন্যা বললেন, “সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয়ে ভয়ে থাকতাম। ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কে কিছু বলল।”
এই কারণে স্কুলে সারাকে কিছুটা এড়িয়েই চলতেন অনন্যা। অভিনেত্রীর কথায়, “আমি যদি দেখতাম, সারা কোনও একটা সিঁড়ি থেকে নেমে আসছে, ওই পথ দিয়ে আমি যেতাম না।”
প্রথম দিকে অনন্যার নাম জানতেন না সারা। তাকে ‘এই’ বলে ডাকতেন সাইফ আলী খানের কন্যা।
অনন্যা বলেন, “আমার মনে আছে, একসঙ্গে স্কুলে একটা নাটক করেছিলাম। ও-ই মুখ্য চরিত্রে অভিনয় করছিল। আমি বোধহয় ওর মাথায় ছাতা ধরেছিলাম। পিছনে ছিলাম সারার।”
এই সময় সারা নাকি অনন্যাকে ‘এই এই’ বলে ডাকতেন এবং খুব রূঢ় ব্যবহার করতেন। যদিও এখন নাকি অনন্যার কাছে সেই কথা স্বীকার করেন না সারা। সারার দাবি, অনন্যার সঙ্গে তিনি নাকি খুব ভালোই ব্যবহার করতেন।
স্কুল জীবনের অনেক পরে সারার সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে অনন্যার। করণ জোহরের ‘কফি উইথ করণ’-তে একসঙ্গে উপস্থিতও হয়েছিলেন দু’জনে। বলিউডে পা রাখার পরে অনন্যার সঙ্গে সারা বন্ধুত্বের ভিত শক্ত করেন।
হাত ধরে শাশুড়িকে মঞ্চে তুললেন শাহরুখ, ভিডিও ভাইরাল