জাপানের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না জাপানে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট। পার্লামেন্ট নির্বাচনে ২১৫টি আসনে জিতেছে এলডিপি-র নেতৃত্বাধীন জোট । তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২৩৩টি আসন। খবর ডয়চে ভেলে।
এলডিপি-র নতুন নেতা শিগেরু ইশিবা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নির্বাচনে বড় ধাক্কা খেলেন তিনি। সোমবার (২৮ অক্টোবর) তিনি জানান, ভোটদাতারা তাদের কঠিন শাস্তি দিয়েছে। এই ফলাফল তিনি মাথা পেতে নিচ্ছেন। জাপানের মানুষ চাইছে, এলডিপি যেন আত্মসমীক্ষা করে। তারা মানুষের ইচ্ছে অনুযায়ী কাজ করবেন।
ক্ষমতা ছাড়বেন না
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা সোমবার জানান, সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। তিনি সংখ্যালঘু সরকার চালাবেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন সুরক্ষিত করার জন্য আমার দায়িত্ব পালন করতে চাই। আমি জাপানকে সুরক্ষিত করতে চাই। আমি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে দেব না।
৬৭ বছর বয়সি প্রধানমন্ত্রী জানান, ফান্ড কেলেঙ্কারির জন্য জনগণ তাদের শাস্তি দিয়েছে। মানুষ দেখেছে তহবিলের জন্য যে অর্থ তোলা হয়েছে, তা দলের নেতাদের পকেটে গেছে। তিনি আরও জানান, অর্থ ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে আইন করবেন তিনি।
বিরোধী সিডিপি-র ভালো ফল
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার দল সিডিপি ১৪৮টি আসনে জিতেছে। গতবার তারা পেয়েছিল ৯৮টি আসন। ভোটের আগে নোদা বলেছিলেন, মানুষ সেরা দলকেই বেছে নেবে।
এবারের পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা বেড়েছে। ৭৩ জন নারী পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নারী সদস্যের সংখ্যা পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার ১৬ শতাংশের কম।
৮ কোটি টাকা না দেওয়ায় স্বামীকে খুন করে পোড়াল দ্বিতীয় স্ত্রী
আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চান মির্জা আব্বাস
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস: ওই ছাত্রলীগ নেতা এখন কোথায়?