মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার লামিন ইয়ামাল বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতে নিয়েছেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে।
৩৩ জন ব্যালন ডি’অর বিজয়ীর সর্বসম্মতিক্রমে ইয়ামালকে এই পুরস্কারের জন্য শ্রেষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।
গতরাতে প্যারিসে ব্যালন ডি'অর অনুষ্ঠানে ডাচ কিংবদন্তী রুদ গুলিতের হাত থেকে এই পুরস্কার নিয়ে ইয়ামাল বলেন,
“আমি আমার বাবা, মা, দাদি, কোচ লুইস (ডে লা ফুয়েন্তে), জাভি এবং হান্সি (ফ্লিক)-কে ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমার সতীর্থদের জন্যও ধন্যবাদ, ভিস্কা এল বার্সা, এবং ক্যাপিটাল ৩০৪।''
ইয়ামাল বলেন, "আমি খুবই গর্বিত এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাই, আমরা আরও এগিয়ে যেতে চাই।"
ইয়ামাল ভোটাভুটিতে আরদা গুলের, কোবি মাইনু, সাভিনহো এবং পাও কুবারসিকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন। ২০১৮ সালে কিলিয়ান এমবাপে প্রথম এই পুরস্কার জেতেন। এরপর ম্যাথিয়াস ডি লিগট, বার্সেলোনার পেদ্রি, ও গাভি এবং ২০২৩ এ জুড বেলিংহাম জিতেছিলেন কোপা ট্রফি। ফ্রান্সের প্রথম ব্যালন ডি'অর জয়ী রেমন্ড কোপার নামে এই পুরস্কার দেয়া হয়
এক নজরে ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন যাঁরা:
ছেলেদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
মেয়েদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াশিন ট্রফি): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
বর্ষসেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি): লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
ছেলেদের বর্ষসেরা কোচ (মেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
মেয়েদের বর্ষসেরা কোচ (উইমেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): এমা হেইজ (চেলসি, যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল)
মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা
ছেলেদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ
সক্রেটিস পুরস্কার: হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস ইউএএনএল)
