আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের হাতাহাতি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

জামিনের আবেদন নিয়ে বাকবিতণ্ডার সূত্রপাত। আর সেই বাকবিতণ্ডা থেকে হাতাহাতি, ভাঙচুর, লাঠিচার্জের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের উত্তপ্রদেশের গাজিয়াবাদের আদালত। মঙ্গলবার একটি জামিনের আবেদন নিয়ে বিচারকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক আইনজীবী। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালতের অন্যান্য আইনজীবী পৌঁছে যান বিচারকের চেম্বারে। তার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন আইনজীবীরা। চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। চলে ধস্তাধস্তিও। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। কিন্তু তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না তারা। শেষে আরও পুলিশ ডাকা হয়। নামানো হয় আধাসেনাও। তার পর আইনজীবীদের তাড়া করে বিচারকের চেম্বার থেকে বের করা হয়। আইনজীবীদের কবল থেকে মুক্ত করা হয় বিচারককে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধস্তাধস্তি এবং হাতাহাতিতে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিচারকের চেম্বার থেকে বাইরে বের করে দেওয়ার পর আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ এবং আধাসেনার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশন এই আইনজীবীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত