বিরতি ভেঙে ফিরলেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০১:৪৭ এএম

মাঝে প্রায় দুই বছরের বিরতি ছিল। অবশেষে বিরতি ভেঙে প্লে-ব্যাকে ফিরলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ‘অন্তর্বর্তী’ নামে এক সিনেমায় গাইলেন তিনি। ‘তুমি গেয়ো গান অন্য কারও সুরে’ কথার গানটি লিখেছেন এস এম কাইয়ুম। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। অন্যদিকে, জনপ্রিয় গায়িকা সম্প্রতি ভিন্নধারার আরেকটি গানে কণ্ঠ দিলেন। ‘তিস্তা পাড়ের কান্না’ নামে একটি গানে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী। তার সঙ্গে গেয়েছেন পিজিৎ মহাজন। এই গানটি পিজিৎ মহাজন লিখেছেন তিস্তাপাড়ের মানুষের ভাঙচুর জীবন নিয়ে। তৈরি হচ্ছে গানটির একটি ভিডিও। এটি নির্মাণ করছেন শেখ সাদী। কিছুদিন আগেই বন্যার্তদের সহায়তার জন্য তিস্তাপাড়ে গিয়েছিলেন তরুণ গায়ক পিজিৎ। ঢাকায় ফিরতে ফিরতে পুরো গান মাথায় তৈরি করে ফেলেন। ফেরার সময় বাসে বসেই যোগাযোগ করেন ফাহমিদা নবীর সঙ্গে। তিনি সায় দেন উৎসাহ নিয়ে। ঢাকায় ফিরেই তৈরি করে ফেলেন গানটি। গানের কথাগুলো এমন ‘ভেসেই যাব ভেবে রোজ ঘুমোতে যায়/ সবার জীবনে সকাল আসে, আমাদের অধরায়...’।

এদিকে চলচ্চিত্রের গানটিও ইতিমধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং তরুণদের সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং ভীষণ আনন্দ দিয়েছে গায়িকাকে বলে জানান তিনি।

ফাহমিদা নবী বলেন, ‘‘অনেক দিন বিরতির পর সিনেমার গান গাইলাম। প্রায় ২ বছর পর। সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম। এতে অভিনয় থাকে। সেই অভিনয় কণ্ঠে ধারণ করেই কাঁদতে আবার কখনো হাসতে হয়। ‘অন্তর্বর্তী’ সিনেমার এ গানটি সবার ভালো লাগবে আশা করছি। আর পিজিৎ মহাজন যে গানটি করেছে তা অনবদ্য, মানুষের জীবনের গান। সে আমাকে যখন গানটি গাওয়ার প্রস্তাব দেয় আমই সানন্দে রাজি হই। উত্তরের মানুষের জীবনবোধ, জীবনাচরণ এই গানে উঠে আসবে।’’

‘অন্তর্বর্তী’ সিনেমার গানটি গাইতে গিয়ে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন ফাহমিদা নবী। কারণ ছবিটিতে এই অভিনেতাকে দেখা যাবে। তিনি বলেন, ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গানটি গাইতে গিয়ে এ কথা যখন জানলাম, তখন আমার মন বিষন্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ের কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি।’ ইতিমধ্যে ‘অন্তর্বর্তী’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন এস এম কাইয়ুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত