আজও সায়েন্সল্যাব অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

  • কমিশন গঠনের ঘোষণা না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের
  • সায়েন্সল্যাব মোড় অবরোধের কারণে আশপাশের সড়কে বন্ধ সব ধরনের যানচলাচল
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম

অধিভুক্ত সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আজও সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা।  

এর আগে গতকালও একই দাবিতে অবরোধ পালন করেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলেও জানান শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, উপস্থিত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ‘স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। আমরা চাই অতি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

অপরদিকে, সায়েন্সল্যাব মোড় অবরোধ করার কারণে ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল। এতে করে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

এর আগে একই দাবিতে ৩ দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আল্টিমেটাম দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

১. অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত