গত তিনটি টেস্টের পারফর্মেন্স দেখে আগে থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল যে, বাংলাদেশ ব্যাটিং করার সময় চট্টগ্রামের উইকেট তো আবার বোলিং সহায়ক হয়ে যাবে না? বাস্তবে হলোও তাই। ৬ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই ৩২ রানে নেই ৪ উইকেট!
চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনে ১৪৪.২ ওভার ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। তবু তাদের অল-আউট করা সম্ভব হয়নি। সেঞ্চুরি করেছেন তিনজন। টনি ডি জর্জি ১৭৭, ট্রিস্টান স্টাবস ১০৬ আর ওয়েন মুল্ডার ১০৫* রানের ইনিংস উপহার দিয়েছেন। এছাড়া সেনুরান মুথুসামি অপরাজিত ৬৮ আর ডেভিড বেডিংহ্যাম ৫৯ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ৫২.২ ওভার বল করে ৫ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ২ রানের জন্য ‘ডাবল সেঞ্চুরি’ করতে পারেননি।
আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজও কম যাননি। ৩৯ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও রান দিয়েছেন ১৭১। পেসারদের মধ্যে কেবল নাহিদ রানা ৮৩ রানে ১ উইকেট নিয়েছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যবহার করা ৬ বোলারের ৪ জনই কোনো উইকেট পাননি। শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে নিষ্কৃতি দেয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে তাদের রানরেট ৪.৫৭।
এদিকে দিনের শেষ বেলায় প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপাটপ উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ৭ ওভারে মাত্র ৩২ রানের মধ্যে ফিরে গেছেন ৪ ব্যাটার। ওপেনার সাদমান ইসলাম (০), মাহমুদুল হাসান জয় (১০), জাকির হাসান (২), হাসান মাহমুদ (৩) দ্রুত আউট হয়ে গেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেমেছেন ছয় নম্বরে। তার সঙ্গী মুমিনুল হক। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান।
সাকিবকে নিয়ে প্রশ্ন করায় ভীষণ চটে গেলেন ফারুক
মুলডারের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
ভারতকে হারানো সম্ভব – সব দলকে বার্তা সাউদির