বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর থানায় এ লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগকারী নারী বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০)।
অভিযুক্তরা হলেন— বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (৫০) ও তার ভাই শেখ রায়হান (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ইসরাত জাহান ও তার ধান-চাল ব্যবসায়ী স্বামী গোলাম মোস্তফা কয়েক মাস আগে উপজেলার খন্দকারটোলা এলাকায় কিছু জায়গা বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে শিল্পী বেগম ও তার ভাই শেখ রায়হান চাঁদার জন্য চাপ সৃষ্টি করেন। চাঁদা না দিলে মোস্তফাকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে বাদী ও তার স্বামী মোস্তাক গত ১০ এপ্রিল পৌর শহরের টাউন কলোনি এলাকায় শিল্পী বেগমের বাড়িতে গিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আসেন। এ সময় বিবাদীরা ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। কোথাও প্রকাশ করা হলে মেরে ফেলার হুমকি দেন।
অভিযোগকারী ইসরাত জাহান বলেন, ‘দলীয় প্রভাবে সংসদ সদস্যের স্ত্রী শিল্পী বেগম ও তার ভাই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। নিজেদের সম্পত্তি বিক্রি করার জন্যও তাদের চাঁদা দিতে হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আমি তাদের কাছে একাধিকবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
অভিযুক্ত শিল্পী রহমান বলেন, ‘আমি তাদের দুজনকে চিনি না। তাই চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না। আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দুই দিনের রিমান্ড শেষে সাবেক এমপি একরামুল কারাগারে
রমজান উপলক্ষে সয়াবিন তেল-চিনি-ছোলা সংগ্রহ করবে সরকার