বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি (লিভার) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মবিন খানের নামাজে জানাযা আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বাংলাদেশের ফাদার অফ হেপাটোলজি খ্যাত অধ্যাপক ডা. মবিন খানের মরদেহ কুমিল্লার কালীরবাজার এলাকার আনন্দপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নামাজে জানাযায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমেদ প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, অধ্যাপক ডা. মবিন খান লিভার বিষয়ে শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন জাতি তা চিরদিন স্মরণে রাখবে। তিনি সৎ জীবনের অধিকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। রোগীদের সঙ্গে সব সময়ই তিনি অত্যন্ত ভালো ব্যবহার করতেন। তিনি মানুষের সমালোচনা পছন্দ করতেন না। জ্ঞান সাধনায় তিনি ছিলেন অতুলনীয় ও প্রচণ্ড পরিশ্রমী।
বাংলাদেশের ফাদার অফ হেপাটোলজি খ্যাত অধ্যাপক ডা. মবিন খান গতকাল বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশের চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
প্রখ্যাত চিকিৎসক ও গুণী শিক্ষক অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। তিনি লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অসামান্য অবদান রয়েছে।
টিউশনি থেকে ফেরার পথে ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম
ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র