দেশের ৩০ সিনেমা হলে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

সাফটা চুক্তির আওতায় অবশেষে বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’র বিনিময়ে ছবিটি আমদানি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।  গত সপ্তাহে মুক্তির কথা থাকলেও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় আজকেই ঘোষণাটা এসেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, শুক্রবার থেকে বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। গত সপ্তাহে মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় সম্ভব হয়নি, তাই আজ মুক্তি পেল।

গত ১৫ আগাস্ট হরর-কমেডি ঘরানার সিনেমা ‘স্ত্রী ২’ ভারতে মুক্তি পায়। অমর কৌশিক পরিচালিত সিনেমাটি ভারতের বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বিশ্বব্যাপী এ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি। ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুই সপ্তাহ আগে এক পোস্টে বলেছিলেন, ভারতে সিনেমাটি ৬০০ কোটি রুপি আয় করেছে।

অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত। এগিয়ে যায় ছবি গল্প।

স্ত্রী ২-তে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। এটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত