এ বছর আর জাতীয় দলে দেখা যাবে না নেইমারকে

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও চলতি বছরে নেইমারকে আর ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে না। এ বছর ব্রাজিলের দুটি ম্যাচই আছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচ দুটি উপলক্ষে গতকাল রাতে ঘোষিত দলে নেইমারের নাম নেই। জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই বছর নভেম্বরের পর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। ব্রাজিল দলে চমক বলতে প্রথমবারের মতো নটিংহাম ফরেস্টের ২২ বছর বয়সী সেন্টার ব্যাক মুরিলোর জায়গা পাওয়া।

নেইমারকে দলে না রাখার বিষয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই–তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে খুব কম সময় কাটিয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।’

ব্রাজিল কোচ অবশ্য স্বীকার করে নেন, বাছাইপর্বের এই ম্যাচ দুটি দিয়েই দলে ফিরতে চেয়েছিলেন নেইমার, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয়, আমাদের সতর্ক থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত