নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য।
এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা।
যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা।
তবে এই সংবর্ধনায় ছিলেন না কোনো বাফুফে কর্মকর্তারা।
নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হয়।
ফুটবলারদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিক পুরস্কারের চেক তুলে দেন সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে।
