কাঁদলেন আবুল হায়াত

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

নাট্যজন আবুল হায়াতের আত্মজীবনীমূলক বইয়ের ‘রবি পথ-কর্মময় ৮০’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পকলায় এসেছিলেন নাট্যাঙ্গনের অনেকেই। বাবার বই প্রকাশ উপলক্ষে বড় মেয়ে বিপাশা হায়াত উড়ে আসেন যুক্তরাষ্ট্র থেকে। প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সবার বক্তব্য শেষে পরিবারের সবাইকে নিয়ে মঞ্চে ওঠেন আবুল হায়াত।

গতকাল শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘রবি পথ-কর্মময় ৮০’ বইয়ের মোড়ক উন্মোচন হয়।

‘রবি পথ-কর্মময় ৮০’ লেখার গল্প বলতে বলতে আবুল হায়াত কাছে টেনে নিলেন স্ত্রী শিরিন হায়াতকে। কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আজ থেকে তিন বছর আগে চিকিৎসক বললেন, আমার ক্যানসার হয়েছে। আমি জানতে পারলাম, আমি ক্যানসার রোগী। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আর কথা বলতে পারিনি।’

‘রবি পথ-কর্মময় ৮০’ নাট্যজন আবুল হায়াতের আত্মজীবনীমূলক এই বই প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশনী। অভিনয়শিল্পী সংঘ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, নওয়াজীশ আলী খান, তারিক আনাম খান, সারা যাকের, শাহীন খান, আহসান হাবিব নাসিম, শাহেদ শরীফ খান, মুনিরা ইউসুফ মেমী, পরিচালক আরিফ খান প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অপি করিম।

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনো নিজেকে জড়িয়ে রেখেছেন এই অভিনেতা। ২০১৫ সালে তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত