হোয়াইটওয়াশড হয়ে ভারতের সব পরিকল্পনা মাটি!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

এই তো সেদিন বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট জয়ের জন্য কী ভয়ংকর ব্যাটিংটাই না করল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পুরো পয়েন্ট তাদের পেতে হবে। তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলে আসবে আরও কাছে। ভারতের পরিকল্পনা সে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ঘরের মাঠে অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়ে সব মাটি হয়ে গেল!

এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা পাকা করছিল ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে। শীর্ষে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে ৮টি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলে। এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে ৮টি জিতেছিল ভারত। কিন্তু এই সিরিজের পর ভারত ১৪টি টেস্টের মধ্যে ৮টি জিতেছে, ৫টি হেরেছে ও ১টি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৯৮। কিন্তু পয়েন্টের শতাংশে (৫৮.৩৩) তারা অজিদের থেকে পিছিয়ে।

পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে শ্রীলঙ্কা। ৯ টেস্ট খেলে তাদের জয় ৫টি আর পরাজয় ৪টি। পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। এদিকে ভারতকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে আবার ফিরে এসেছে নিউজিল্যান্ড। ১১টি টেস্টে তারা জিতেছে ৬টি, হেরেছে ৫টি। টম ল্যাথামদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এই দুই দল।

ভারতের সামনে আরও বড় বিপদ হলো অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এমন নয় যে তারা অজিদের মাটিতে টেস্ট জেতেনি। কিন্তু ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার পর অস্ট্রেলিয়ায় তারা কেমন করে- সেটাই দেখার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে তাদের অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই হবে। সেটা মোটেও সহজ হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত