জমে উঠেছে ইসলামি বইমেলা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৩২ এএম

গত ২২ অক্টোবর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে এ বছরের ইসলামি বইমেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এবারের ইসলামি বইমেলাতে এসেছে অনেক পরিবর্তন। যুক্ত হয়েছে অনেক নতুন আয়োজন। তাই লেখক, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বইমেলা।

নতুন আঙ্গিকে আয়োজিত এবারের মেলায় স্টলের সংখ্যা ও আকার বাড়ানো হয়েছে। প্রকাশকরাও তাদের স্টলগুলো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে সাজিয়ে তুলেছেন। মেলাকে নান্দনিক ও উৎসবমুখর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আছে লেখক কর্নার, শিশু কর্নার, নারীদের বিশেষ ব্যবস্থা, ঘোষণা মঞ্চ, তথ্যকেন্দ্রসহ নানা আয়োজন। এ ছাড়া ২০ দিনব্যাপী ইসলামি বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত সিরাত, ফিলিস্তিন, জুলাই অভ্যুত্থানসহ নানা বিষয়ে আলোচনা এবং জ্ঞানভিত্তিক কর্মশালার আয়োজন থাকছে।

বিশেষ করে গত বৃহস্পতবার ইসলামি বইমেলায় তারকা আলেম লেখকদের গল্প শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। এতে নবীনরা পেয়েছে লেখক হওয়ার অনুপ্রেরণা ও পাথেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক অন্যরকম ভালোলাগা ও নান্দনিকতার ছোঁয়া। বিকেল ৪টায় বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে বায়তুল মোকাররম পূর্ব চত্বর ইসলামি বইমেলার মূল মঞ্চে এ মনোজ্ঞ অনুষ্ঠান হয়। ‘লেখক হওয়ার গল্প শুনি’ ছিল অনুষ্ঠানের মূল বিষয়। এতে দেশের বিশিষ্ট আলেম লেখকরা তাদের লেখক হওয়ার গল্প বলেছেন।

লেখকদের গল্পে উঠে এসেছে কেন তারা লেখক হলেন, কীভাবে হলেন, কাদের লেখা পড়েছেন, লেখালেখির কৌশল কী ইত্যাদি। শ্রোতারা বেশ প্রেরণা ও খোরাক পেয়েছেন তাদের কথায়। শ্রোতাদের কেউ কেউ প্রশ্নও করলেন। লেখকরা সাধুবাদ জানিয়ে চমৎকার করে উত্তর দিলেন। প্রাণবন্ত এক আড্ডায় রূপ নিয়েছিল সে আয়োজন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত