যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট। ব্যাপারটা এখনো ঘটেনি। না ঘটলেও সে লড়াইয়ে পিছপা হননি নারীরা। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে শামিল হয়েছেন কমলা হ্যারিস। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নতুন প্রার্থী করা হয় তাকে। শুরু হয়ে যায় তার নির্বাচনী প্রচার। প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী বনে গেলেন কমলা হ্যারিস।
জন্ম ও পরিবার
কমলার বাবার জন্ম জ্যামাইকায় এবং মা ভারতীয় বংশোদ্ভূত ইন্ডিয়ান আমেরিকান। অর্থনীতিবিদ বাবা ও জীববিজ্ঞানী মায়ের সন্তান কমলার রয়েছে মায়া নামের এক বোন। কমলার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে। কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ পাড়ায় দীর্ঘদিন থাকার পাশাপাশি তামিল মা ও জ্যামাইকান বাবার মিশ্র ঐতিহ্যকে সঙ্গে নিয়েই বেড়ে ওঠা তার। কমলার বর্তমান বয়স ৫৫ বছর।
আমেরিকা যখন সিভিল রাইটস আন্দোলনে উত্তাল, তখনই আস্তে আস্তে বড় হন কমলা। বাবা-মা সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে হাঁটতেন মিছিলে, জড়ো হতেন বিভিন্ন জমায়েতে। কমলা জানিয়েছেন, তার একেবারে ছোটবেলার ঝাপসা স্মৃতির মধ্যে আছে চারদিকে অসংখ্য পা হেঁটে চলেছে সারিবদ্ধভাবে। আর সেই মিছিল থেকে নানা রকম স্লোগান উঠছে। মা শ্যামলা জানিয়েছিলেন, তার বড় মেয়েটি অর্থাৎ কমলার মুখে যখন সবে বুলি ফুটেছে, তখন সে মাঝেমাঝেই কান্নাকাটি করত আর কী চাই জিজ্ঞাসা করলে ঠোঁট ফুলিয়ে আধো আধো গলায় বলত, ‘ফিদম’।
স্কুল লাইফ
ক্যালিফোর্নিয়ার বার্কলের কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এলাকায় বাস করলেও কমলা পড়তেন অভিজাত থাউজেন্ড ওকস স্কুলে। সেই স্কুলে এক সময় ৯৫ শতাংশ শিক্ষার্থী ছিল শ্বেতাঙ্গ। বর্ণভিত্তিক পৃথকীকরণের নীতি রদ হওয়ার পর এই চিত্র বদলে যায়। কমলা যখন সেই স্কুলে ভর্তি হন, তখন সেখানে মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ ছিল কৃষ্ণাঙ্গ। কিছুদিন মায়ের সঙ্গে কানাডায় ছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়
কমলা হ্যারিস হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক হওয়ার সময়ে নানা ধরনের কর্মসূচিতে অংশ নিতেন। ১৯৮৬ সালে স্নাতক হওয়ার পর আইনে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন তিনি।
পরিবার
২০১৪ সালে ক্যালিফোর্নিয়ার আইনজীবী ডগলাস এমহফকে বিয়ে করেন কমলা। ডগলাসের আগের পক্ষের দুই সন্তান রয়েছে, কোল ও এলা, যাদের কমলা হ্যারিসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সমাবেশেও দেখা যায়।
রাজনীতিতে প্রবেশ
২০০৩ সালে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসাবে ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হন তিনি। তখন থেকেই ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে তার সম্পৃক্ততা বাড়তে থাকে। পরে ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার জুনিয়ার সেনেটর পদের নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়ী হন।
যেভাবে জনপ্রিয় হলেন কমলা
সিনেটর হিসেবে তার ধারাল প্রশ্ন করার ক্ষমতা বারবার আলোচিত হয়েছে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায়। টানা দুই টার্ম ধরে সফল অ্যাটর্নি জেনারেল হিসাবে তার কাজও আলোচিত হয়েছে এতদিন। শুধু তাই নয়, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিজের মিশ্র ঐতিহ্য বিষয়ে সাবলীল আলাপ তাকে জনসাধারণের কাছে আরও জনপ্রিয় করে তোলে। এছাড়া, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তার প্রতি সমর্থনও সাহায্য করেছে বলে মনে করেন অনেকে।
তার কিছু পদক্ষেপ
সিনেটর পদে নির্বাচিত হওয়ার পর কমলা বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার হন। সমকামীদের বিবাহের অধিকারের পক্ষে, মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকার পাশাপাশি কমলা বিভিন্ন সময়ে পুলিশনীতিতে বদলের দাবি তুলেন। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও পুলিশের অনৈতিকতা যেভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে আলোচনায় উঠে আসছে, সেই পরিপ্রেক্ষিতে কমলা হ্যারিসের নির্বাচনী অংশগ্রহণ যথাযথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যে কারণে আলোচিত
২০১২-এ ডেমোক্র্যাটদের ন্যাশনাল কনভেনশনে প্রাইম টাইম বক্তা ছিলেন কমলা। সেই প্রথম পুরো বিশ্ব নড়েচড়ে বসে, জানতে চায় কে এই নারী। পরের বছর প্রেসিডেন্ট বারাক ওবামা কমলাকে ‘ব্রিলিয়ান্ট’, ‘ডেডিকেটেড’ এবং ‘টাফ’ বলার পাশাপাশি একটু লঘু চালে এমনই একটি কথা বলে বসেন যার জন্য পরে তাকে ক্ষমাও চাইতে হয়েছিল। কমলার সম্পর্কে ওবামার সেই মন্তব্যটি ছিল, ‘বাই ফার, দ্য বেস্ট লুকিং অ্যাটর্নি জেনারেল ইন দ্য কান্ট্রি’।
এরপর ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন কমলা হ্যারিসকে তার নির্বাচনী জুটি হিসেবে বেছে নেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নতুন প্রার্থী করা হয় তাকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন কমলা হ্যারিস।
