জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটি এম মাসুম বলেছেন, শেখ মুজিব পেয়েছিল চোরের খনি, আর শেখ হাসিনা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বিগত ১৬ বছরের তার শাসন আমলে পুরো দেশকে ডাকাতদের অভয়ারণ্যে পরিণত করেছিল।
গতকাল সোমবার (৪ নভেম্বর) বিকালে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছিল তারা ইসলামের উপর বার বার আঘাত হেনেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত সরিয়ে দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়ে কবি নজরুল কলেজ, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল, কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ধর্ম শিক্ষাকে নিশ্চিহ্ন করে নাস্তিকদের পুর্ণবাসন করেছিল।
ফেনী জেলা আমীর এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন। রুকন সম্মেলনে প্রধান অতিথি আগামী ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য ফেনী জেলা আমীর হিসেবে সাবেক জেলা সেক্রেটারী মুফতি আবদুল হান্নানকে শপথ বাক্য পাঠ করান।
