নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ঠে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির (৫০), তার কাজের লোক লোকমান মিয়া রুপায়ন (২৮) । এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন রফিক। এ সময় অন্য দুইজনও তার সাথে ছিলেন। ছেঁড়া তারে অসাবধানতার কারণে হঠাৎ বিদ্যুতায়িত হন রফিক। অন্য দুজন বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎপৃষ্ঠ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আহত জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা